
অনুমতি থাকা সত্ত্বেও জাসদের পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও ৩৫০ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত পূর্বনির্ধারিত প্রতিনিধি সভায় যুবদলের হামলার অভিযোগ ও নেতাকর্মীদের আটকের ঘটনা ঘটেছে। ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মাইক ব্যবহারের অনুমতি নেওয়া সত্ত্বেও এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের (৩৫-৩৬ বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান) কর্নেল তাহের মিলনায়তনে দলের প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছিল। জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এড. রবিউল আলমের সভাপতিত্বে এই সভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা ছিল। সভা সফলভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর আগে থেকেই লিখিত আবেদন ও মাইক ব্যবহারের অনুমতি নেওয়া হয়েছিল। জাসদের সিনিয়র নেতৃবৃন্দ বলেন যে
পূর্বনির্ধারিত এই কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ এর যুবদলের সদস্য সচিব নয়নের নেতৃত্বে স্থানীয় যুবদলের নেতা কর্মিরা আমাদের অফিসে এসে আমাদের অবরুদ্ধ করে রাখেন এবং আমাদের নেতা কর্মিদের উপর হামলা করেন। পাশাপাশি জাসদ কার্যালয় থেকে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ তিনশতাধিক নেতাকর্মীকে আটক করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে।
আইনগতভাবে প্রশাসনের অনুমতি নেওয়ার পরও রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের আকস্মিক পরিস্থিতি ও পাইকারি আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।