পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোতো প্রদেশে এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নৌকাটিতে ৭০ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাঁদের একটি বড় অংশ কৃষিজমিতে ধান কাটার কাজে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ১৬ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও এখনও অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। উল্লেখ্য, নাইজেরিয়ার নদীপথে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং দুর্বল নিরাপত্তাব্যবস্থার কারণে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকে।