দেশের ইতিহাসে ১৫ অগাস্ট ‘অমোচনীয় কলঙ্ক হিসেবেই’ থেকে যাবে বলে মনে করে বাংলাদেশ জাসদ।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ১৫ অগাস্ট উপলক্ষে নিজেদের কর্মসূচি তুলে ধরেছে দলটি।
তারা জানিয়েছে, শনিবার বিকাল ৫টায় ঢাকার তোপখানা রোডে বাংলাদেশ জাসদের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
১৫ অগাস্ট সংগঠিত হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়ে বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের ইতিহাসে এ বর্বর ঘটনা এক অমোচনীয় কলঙ্ক হিসেবেই থেকে যাবে।
“দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত করার মাধ্যমেই জাতির এ কলঙ্ক দূর করা সম্ভব বলে বাংলাদেশ জাসদ মনে করে।”
১৯৭৫ সালের ১৫ অগাস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।