ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল শনাক্ত করতে সামনের অংশেও নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঢাকার সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়ার ব্যবস্থা চালু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিতে গত ১৩ আগস্ট সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কমিটিকে মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের আকার, সাইজ, সংযোজনের স্থান এবং এআই ক্যামেরায় সেটি সহজে শনাক্ত করা সম্ভব কি না—এসব বিষয় পর্যালোচনা করতে বলা হয়েছে।
বর্তমানে অধিকাংশ মোটরসাইকেলে শুধু পেছনে নম্বর প্লেট থাকে। তবে নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে পুরোনো ও নতুন মোটরসাইকেলে কীভাবে সামনের প্লেট বসানো হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুলভাবে প্লেট বসালে মোটরসাইকেলের বায়ুপ্রবাহ ও নিয়ন্ত্রণে প্রভাব পড়তে পারে।
বিআরটিএর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৫০ লাখ নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে।