মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনসামগ্রী জব্দ করা হয়েছে। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ বিজিবির উপ-অধিনায়ক এবং স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানিয়েছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত পথে আনা এসব পণ্য পাচারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।