রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম ওরফে বিপুলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। শুক্রবার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, একনলা বন্দুক, তাজা গুলি, তরবারি ও সামুরাইসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে জহিরুল ইমন হত্যা মামলার সাত নম্বর আসামি। তার বিরুদ্ধে হত্যা, দস্যুতা, মাদক ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গত ১২ এপ্রিল মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় অ্যালেক্স ইমনকে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।