বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে শেরেবাংলা নগরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন।
পরে সাংবাদিকদের রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলকে সুসংগঠিত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাই তাঁর মূল লক্ষ্য। তিনি সাফ জানান, দল কোনো অনৈতিক কর্মকাণ্ড সহ্য করবে না। অপকর্মে জড়িতদের বিরুদ্ধে দলীয় কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের জনগণের সেবায় সম্পৃক্ত থাকার আহ্বান জানান।