উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ১৭ বছর আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের কামাল উদ্দিন বাবুল। কঠোর পরিশ্রম করে গড়ে তুলেছিলেন সুন্দর একটি পরিবার। চার বছর আগে স্ত্রী ও সন্তানদেরও ইতালিতে নিয়ে যান। কিন্তু রোমের এক মর্মান্তিক হত্যাকাণ্ডে বাবুল, তাঁর স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে আরিশার মৃত্যু সেই স্বপ্নকে চিরতরে থামিয়ে দেয়। দীর্ঘ এক মাস ১৯ দিন পর শুক্রবার তিনজনের মরদেহ দেশে পৌঁছায়। বিকেলে তিনটি কফিন গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। একমাত্র জীবিত সন্তান অয়ন গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছে। এখন শোকাহত পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত হত্যাকারীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।