ব্যাটারিচালিত ই-রিকশা ও অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানা গুনতে হবে। একই সঙ্গে বাতিল হতে পারে নিবন্ধন কিংবা বন্ধ হতে পারে নবায়ন প্রক্রিয়া। সোমবার এক সভা শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
তিনি জানান, এখন থেকে এসব যানের নিবন্ধন বিআরটিএ-এর পরিবর্তে সিটি করপোরেশন ও পৌরসভা থেকে নিতে হবে। নিবন্ধনের প্রধান শর্তই হবে সৌরবিদ্যুতে চার্জ করা। এছাড়া বুয়েট বা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ফিটনেস সনদ এবং ট্রাফিক পুলিশের অনুমোদনও বাধ্যতামূলক করা হচ্ছে। ই-রিকশার চলাচলে শৃঙ্খলা আনতেই নতুন এই বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।