কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে ২০ লাখ মানুষের এক বিশাল লং মার্চ ও সমাবেশের হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী। সম্প্রতি আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে নিয়মিত সাক্ষাতের অনুমতি দিচ্ছে না। তিনি আরও বলেন, দেশের শাসনব্যবস্থা বর্তমানে অকার্যকর হয়ে পড়েছে এবং সরকার যদি অবিলম্বে পিটিআই প্রধানের আইনি ও মানবিক অধিকার নিশ্চিত না করে, তবে দেশজুড়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। খাইবার পাখতুনখোয়া ছাড়াও পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান থেকে দলীয় কর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।