প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কর্মসূচিতে অংশ নিতে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম কিশোরগঞ্জ সফর। তাঁর এই সফর ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, সকালে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্ত করবেন এবং দুপুরে কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদ্বোধন করবেন। বিকেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও অনুদান বিতরণ করবেন। স্থানীয় সংসদ সদস্যরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফর থেকে জেলার যোগাযোগ, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘোষণা আসতে পারে। সন্ধ্যা ৬টায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।