ব্রাহ্মণবাড়িয়ার একটি মাদক নিরাময় কেন্দ্রে মো. ফোরকান (২৯) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, মাদকাসক্তির চিকিৎসার জন্য ভর্তি করার মাত্র পাঁচ দিনের মাথায় ফোরকানের মৃত্যু হয়। গত শুক্রবার ৭০ হাজার টাকা চুক্তিতে তাকে শহরের ফুলবাড়িয়া এলাকার ‘প্রয়াস’ মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠান থেকে পরিবারের সদস্যদের জানানো হয়, ফোরকান অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে গিয়ে তাকে না পেয়ে কেন্দ্রে গিয়ে লাশবাহী গাড়িতে তাঁর মরদেহ দেখতে পান স্বজনেরা। পরিবারের অভিযোগ, কোনো চিকিৎসা না দিয়ে ফোরকানকে মারধর করে হত্যা করা হয়েছে। তবে কেন্দ্রের পরিচালক দাবি করেছেন, বাথরুমে পড়ে গিয়ে ফোরকান আহত হন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনা তদন্ত চলছে।