নরসিংদীতে এক কুয়েতপ্রবাসীর স্ত্রীসহ ১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মো. নয়ন মোল্লার বিরুদ্ধে।
রোববার (২৩ আগস্ট) নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কুয়েতপ্রবাসী মো. লুৎফর রহমান। একই ঘটনায় বিচার ও ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লুৎফর রহমানের অভিযোগ, জমি-সংক্রান্ত মা’ম’লার সূত্রে নয়ন মোল্লার সঙ্গে তার পরিবারের পরিচয় হয়। পরে মা’ম’লার কাজে ঘনিষ্ঠতা তৈরি হলে বিভিন্ন সময়ে তার স্ত্রীর কাছ থেকে প্রবাস থেকে পাঠানো অর্থ নেওয়া শুরু করেন নয়ন।
একপর্যায়ে তার স্ত্রী হাফসা বেগম ১ কোটি ১০ লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে নয়ন মোল্লার সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ করেন লুৎফর। গত ৩ আগস্ট বিষয়টি জানতে পেরে তিনি দেশে ফেরেন।
অভিযোগের বিষয়ে নয়ন মোল্লার বক্তব্য পাওয়া যায়নি। জেলা আইনজীবী সমিতি জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।