ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি জানান, হলফনামা জালিয়াতির অভিযোগ এনে নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন রিটটি করেন।
রিটকারীর আইনজীবী জানান, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হবে।
রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।