টাঙ্গাইলের সখীপুরে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা। পাসের আনন্দে মিষ্টি না খেয়ে সেই টাকা ক্যানসার আক্রান্ত সহপাঠীর মায়ের চিকিৎসায় অনুদান দিয়েছে তারা। রোববার সকালে কালিদাস গ্রামের কলতান বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা সহপাঠী নাঈম সিকদারের বাবার হাতে এই অর্থ তুলে দেয়।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের ঠিক আগেই নাঈমের মায়ের ক্যানসার ধরা পড়ে। অসচ্ছল পরিবারটির দুর্দিনে পাশে দাঁড়াতে মিষ্টিমুখের বদলে এই উদ্যোগ নেয় বন্ধুরা। এসএসসি ব্যাচের ২০ হাজার টাকার পাশাপাশি স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা আরও ২০ হাজার টাকা মিলিয়ে মোট ৪০ হাজার টাকা প্রদান করেন। আনন্দের দিনে শিক্ষার্থীদের এমন নিঃস্বার্থ মানবিকতা সবাইকে মুগ্ধ করেছে।