আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই ঘোষণা দেন।
এর আগে গত ১৩ আগস্ট মির্জা ফখরুলের পক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতারা সিইসির কাছে মনোনয়নপত্র জমা দেন। তাঁর মনোনয়নে প্রস্তাবক হয়েছেন আব্দুল মঈন খান এবং সমর্থক হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ড. অলি আহমেদের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত ভোটের মাঠে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।