প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চায় সরকার। তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে দক্ষ জনবলকে কাজে লাগানোর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাফল্যের ওপর সরকারের উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন অনেকাংশে নির্ভরশীল। তাই এনবিআরকে জনগণের আরও আস্থাভাজন ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
তিনি বলেন, কর আদায় ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে হবে। একই করদাতার ওপর বারবার চাপ না বাড়িয়ে কর দেওয়ার সক্ষমতা আছে এমন নতুন ব্যক্তিদের করের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, আধুনিক ও তথ্যভিত্তিক কর প্রশাসন গড়ে তুলতে হবে। দক্ষ ব্যবস্থাপনা, দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে রাজস্ব আহরণ আরও বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।