বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের দেওয়া ১০ দফা সুপারিশ তিন মাস ধরেই সরকারের হাতে রয়েছে। নতুন পরিকল্পনা চাওয়ার আগে এসব সুপারিশের কতটুকু বাস্তবায়ন হয়েছে, তা জনগণের সামনে পরিষ্কার করার দাবি জানান তিনি।
রোববার রাতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, গ্যাসকূপে ওয়ার্কওভার, ভোলা-জামালপুর-জকিগঞ্জের গ্যাস কাজে লাগানো, অনুসন্ধান বাড়ানো, এসপিএম চালু ও সোলার বিদ্যুৎ সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছিল।
তিনি বলেন, ৯০ দিনের মধ্যে অন্তত ছয়টি দৃশ্যমান পদক্ষেপ নেওয়া সম্ভব। একই সঙ্গে গ্যাস সরবরাহে স্বচ্ছতা, সিস্টেম লস কমানো ও জরুরি জ্বালানি সেল গঠনের প্রস্তাব দেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না, কারণ সরকার ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জনগণ।’