সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম জানান, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, তেল-গ্যাস-বিদ্যুতের সিন্ডিকেট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরুদ্ধে এ কর্মসূচি। তিনি বলেন, লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং যত বাধাই আসুক, কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সারের সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় জোট এ লংমার্চ করছে। কর্মসূচি চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে।