মালয়েশিয়া ও চীন সফরের পর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সম্ভাব্য নয় দিনের সফর সামনে রেখে প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়াও এগিয়ে চলছে। এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে।
সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বে বক্তব্যের পাশাপাশি বিভিন্ন সাইডলাইন অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরকালে সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চললেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব সালেহ শিবলী।