ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে উচ্চস্বরে গান বাজানো নিয়ে দ্বন্দ্বের জেরে পুলিশের লাঠিচার্জে ২০ মাদরাসাছাত্র আ’হ’ত হয়েছেন। এ ঘটনায় জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরীর আগমন উপলক্ষে পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি চলে যাওয়ার পরও অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা উচ্চস্বরে গান বাজানো বন্ধ বা শব্দ কমানোর অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সে প্রবেশ করলে পুলিশ লাঠিচার্জ করে।
ঘটনার পর পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ মাদরাসার প্রতিষ্ঠাতা সাজিদুর রহমানের সঙ্গে বৈঠক করেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আ’হ’ত’দের চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে।