প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সফরের আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিসহ ঢাকার কয়েকটি শর্তকে ‘কঠিন’ হিসেবে উল্লেখ করেছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো।
সোমবার প্রকাশিত প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এখন সফরের অন্যতম প্রধান শর্ত হয়ে উঠেছে। ভারতীয় গণমাধ্যমের ভাষ্য, এ দাবি পূরণ না হলে দ্বিপক্ষীয় সফর পিছিয়ে যেতে পারে।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা। মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম বলেন, শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় আরও কয়েকজন অভিযুক্তকে হস্তান্তরের বিষয়েও জোর দেওয়া হয়েছে।
ভারতীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য তারেক রহমানের আমন্ত্রণ বহাল রয়েছে। তবে দ্বিপক্ষীয় সফরের সময়সূচি চূড়ান্ত করতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ইস্যুর সমাধান না হলে ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতিতে সাময়িক স্থবিরতা দেখা দিতে পারে।