সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন চাঁদপুরের তামান্না। মতলব দক্ষিণ উপজেলার মেধাতালিকায় প্রথম এবং পুরো জেলায় ১১তম হয়েও দীর্ঘ আট মাস অপেক্ষার পর নিয়োগপত্র পাননি তিনি।
তামান্নার দাবি, পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে তাকে ‘পলিটিক্যাল ট্যাগ’ দিয়ে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি বা তার পরিবারের কেউ কখনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না বলে দাবি করেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তামান্না। তিনি জানান, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ থেকে ইংরেজিতে অনার্সে ফার্স্ট ক্লাস এবং সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস অর্জন করেছেন।
নিয়োগ থেকে বাদ পড়ার ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করেন এবং নিজের মেধার মূল্যায়ন না হওয়ার অভিযোগ তোলেন।