গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সরকার সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার রাজধানীর একটি হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, রাস্তায় বসে বিক্ষোভ করা গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি। তবে বর্তমানে প্রতিবাদ কর্মসূচিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে যে মতপ্রকাশের সুযোগ রয়েছে, তা ‘আপৎকালীন’ বলে মনে হয় এবং ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার পরিসর সংকুচিত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, বর্তমান সরকারের সময়ে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। তিনি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ, বিশেষ করে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা জুলাই অভ্যুত্থানকালীন অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং প্রত্যাশা-প্রাপ্তি নিয়ে মতামত তুলে ধরেন।