কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৯ আগস্ট) রাতে আঞ্জুমানপাড়া-ফাইসাখালী এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবি জানায়, থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে মিয়ানমার থেকে ৭-৮ জনকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। তাদের চ্যালেঞ্জ করলে সন্দেহভাজনরা পাঁচটি বস্তা ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে আশপাশের এলাকায় অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি।