ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের দুই বছর পেরিয়ে গেলেও মামলার বিচার শুরু হয়নি। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে প্রায় তিন ঘণ্টা ধরে মারধরের অভিযোগ ওঠে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিবিআইয়ের অধিকতর তদন্তে প্রায় ৯০ ঘণ্টার ৬৪টি ভিডিও ফুটেজ, আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্য বিশ্লেষণ করে ২৮ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বর্তমানে দুই আসামি কারাগারে এবং নয়জন জামিনে আছেন। বাকি ১৭ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তারা এখনো পলাতক। নিহতের স্বজনেরা দ্রুত মামলার বিচার শুরুর দাবি জানিয়েছেন।