অতিরিক্ত লোডশেডিং ও জনদুর্ভোগের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির জেলা ও মহানগর শাখা। শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা হাতে হারিকেন নিয়ে লোডশেডিংয়ের প্রতিবাদ জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি ভূতুড়ে বিদ্যুৎ বিল ও গ্যাস সংকটেও মানুষ ভোগান্তিতে পড়েছেন। তারা বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাত বেসরকারি সিন্ডিকেটের হাতে না দিয়ে সরকারের সরাসরি ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি জানান। একই সঙ্গে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা। বক্তারা আরও অভিযোগ করেন, জনদুর্ভোগ বাড়লেও এ বিষয়ে কার্যকর রাজনৈতিক আন্দোলন দেখা যাচ্ছে না। কর্মসূচিতে এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।