চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অস্ত্র হাতে থাকা দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন সিরাজুল ইসলাম ও মো. সাদেক। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড পৌরসভার হাসান গোমস্তা মসজিদ এলাকায় সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং তিনটি মিনি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় অস্ত্র হাতে দুই যুবকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।