তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা হবে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক তথ্য অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।
রোববার বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা ব্যয়ে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সে আধুনিক আর্কাইভ, প্রযুক্তি প্রশিক্ষণ, গবেষণা, তথ্যসেবা ও বিনোদন সুবিধা থাকবে। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, তথ্য কমপ্লেক্স শুধু তথ্য সরবরাহের কেন্দ্র নয়, বরং গবেষণা, জ্ঞানচর্চা ও আধুনিক বিনোদনের একটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সাংবাদিকদেরও অগ্রাধিকার ভিত্তিতে এ সুবিধা ব্যবহারের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।