পিরোজপুর প্রতিনিধি:
আগামী ২৮ সেপ্টেম্বর, বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনন্দঘন পরিবেশে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জনাব আশরাফুল রহমানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এই মহতি উদ্যোগ নেওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা যুবলীগ নেতা মো: রিয়াজ হাওলাদারের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক যুবলীগ নেতা মো: রিয়াজ হাওলাদার বলেন, “জননেত্রী শেখ হাসিনা কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি আজ বিশ্বমানের এক দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর অদম্য নেতৃত্ব ও ত্যাগের ফলেই বাংলাদেশ আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাঁর এই বিশেষ দিনটিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে জাতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।