দীর্ঘদিন ক্লাবহীন থাকার পর অবশেষে নতুন ঠিকানা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফেলিপে কৌতিনহো। শৈশবের বন্ধু নেইমারের প্রচেষ্টায় ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে যোগ দিচ্ছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। সমঝোতা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসের জার্সিতে খেলবেন তিনি।
কৌতিনহোর কঠিন সময়ে বন্ধু নেইমার সান্তোস কর্তৃপক্ষের কাছে তার হয়ে সুপারিশ করেন। বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমার নিজেও কৌতিনহোকে সান্তোসে পাওয়ার ইচ্ছাকে নিজের ‘স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেছিলেন।
একসময় ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত ফুটবলার ছিলেন কৌতিনহো। লিভারপুলে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০১৮ সালে প্রায় ১৬ কোটি ইউরোতে বার্সেলোনায় যোগ দেন তিনি। পরে বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও কাতারের ক্লাবে খেললেও পুরোনো ফর্মে ফিরতে পারেননি।
২০২৪ সালে ভাস্কো দা গামায় ফিরেও ভাগ্য বদলায়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাব ছাড়ার পর অবশেষে সান্তোসে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন তিনি।