রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনী সেতুর নিচে জিরানি খাল থেকে জজ মিয়া নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আবদুল্লাহ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত মঙ্গলবার রাতে মেরুল বাড্ডার একটি গ্যারেজে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জজ মিয়াকে হত্যা করা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে এনে মরদেহটি খালে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানায়, পরকীয়ার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে গ্রেপ্তার আবদুল্লাহ স্বীকার করেছেন। নিহতের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।