সুন্দরবনের কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ সক্রিয় সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় তারা আত্মসমর্পণ করেন। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, পিস্তল, এয়ারগান, বিপুল পরিমাণ গোলাবারুদ, ম্যাগাজিন ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, এসব দস্যু দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। ধারাবাহিক অভিযানে দস্যুরা কোণঠাসা হয়ে পড়ায় তারা আত্মসমর্পণ করেন। এ পর্যন্ত বিভিন্ন বাহিনীর ৩৭ সক্রিয় ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।