ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় প্রবাসীর পাঠানো ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল-বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। পুলিশ জানায়, ভুক্তভোগীর ভাইয়ের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে বের হওয়ার পর বলাকা ভবনের বিপরীতে তাদের পথরোধ করা হয়। এ সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধরের পর ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।