স্বামী তৌফিক নেওয়াজকে শেষবারের মতো দেখে বিদায় জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বৃহস্পতিবার সকালে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে স্বামীর মরদেহ দেখতে যান তিনি।
মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে সকাল সোয়া ৬টার দিকে পুলিশি পাহারায় বের হন দীপু মনি। পরে তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিতে দীপু মনিকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেওয়া হয়। স্বামীর মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে।