রাজধানীতে তীব্র সিএনজি সংকটের কারণে বিভিন্ন গ্যাস স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। উত্তরার বিমানবন্দর সংলগ্ন একটি পাম্পে লাইনের দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার ছাড়িয়ে যায়। অনেক চালক ভোর ৪টা-৫টা থেকে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাননি বলে অভিযোগ করেছেন। কেউ কেউ ৫ থেকে ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ১৭০ থেকে ২১৭ টাকার গ্যাস সংগ্রহ করতে পেরেছেন। এদিকে, লাইনের নিয়ম ভেঙে অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্যাস সরবরাহের অভিযোগও উঠেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, জাতীয় পর্যায়ে গ্যাস সংকটের কারণে সরবরাহ ও প্রেসার দুটোই কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।