স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে, যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্থান করা হয়েছে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলার উন্নয়নে প্রায় এক হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এর আওতায় সড়ক উন্নয়ন, পর্যটন অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে শ্রীমঙ্গল পৌরসভার সম্প্রসারণের অনুমোদনও দেওয়া হবে বলে জানান তিনি।