জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাবি করেছেন, দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট মূলত সরকারের ভুল সিদ্ধান্ত, পরিকল্পনাহীনতা ও অব্যবস্থাপনার ফল। তিনি বলেন, লোডশেডিংয়ের জন্য শুধু যুদ্ধ, হরমুজ প্রণালী সংকট বা এলএনজি টার্মিনালে আগুনকে দায়ী করা যাবে না; জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতা, ভুল ভর্তুকি নীতি এবং কার্যকর বিকল্প পরিকল্পনার অভাবও এ সংকটকে গভীর করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের জ্বালানি ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে বলেন, ভুল অগ্রাধিকার ও দুর্বল পরিকল্পনার কারণে দেশে ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং দেখা দিয়েছে। একই সঙ্গে তিনি ভারতকে বিদ্যুৎ করিডোর দেওয়ার পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষার আহ্বান জানান।