নতুন মৌসুম শুরুর প্রাক্কালে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ডের ঝুলিতে যোগ হলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের চারটি বিশেষ স্বীকৃতি। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও নেশনস লিগে তাঁর অবিশ্বাস্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এই সনদগুলো ইতিহাদ স্টেডিয়ামে তাঁর হাতে তুলে দেওয়া হয়।
সনদ পাওয়া রেকর্ডগুলোর মধ্যে রয়েছে মাত্র ১১১ ম্যাচে দ্রুততম ১০০ প্রিমিয়ার লিগ গোল, এক মৌসুমে সর্বাধিক ৩৬ গোল, ইউয়েফা নেশনস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (১৯ গোল) এবং চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোল করার বিরল কীর্তি। লিওনেল মেসি ও লুইজ আদ্রিয়ানোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে ৫ গোলের রেকর্ড গড়েন হলান্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই ফুটবল দানবকে তাঁর অসাধারণ ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়েছে।